স্পিনারদের গুরুত্ব বোঝালেন মুশতাক 

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১২:২১

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তানে রয়েছে বাংলাদেশ দল। দলের সঙ্গে রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী স্পিন কোচ মুশতাক আহমেদ। বাংলাদেশ দলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কাজ শুরু করেছেন পাকিস্তানের এই তারকা। এই সিরিজের পর মুশতাককে আর পাবে না বাংলাদেশ দল। তবে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথা ভাবছে বিসিবি। গতকাল টেস্ট সিরিজ নিয়ে বিভিন্ন কথা জানিয়েছেন তিনি। তার মতে, 'প্রথম কাজটা হলো, কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়া। তারপর সেই কন্ডিশন অনুযায়ী মানসিকতা ঠিক করতে হবে।' 

স্পিনারদের গুরুত্বারোপ করে মুশতাক বলেছেন, 'টেস্ট ক্রিকেটে স্পিনারদের গুরুত্ব অনেক বেশি। কেবল উইকেট নেওয়ার জন্য না, পেসারদের বিশ্রাম দেওয়ার জন্যও স্পিনারদের প্রয়োজন। বাংলাদেশের খুব ভালো স্পিনার আছে। আমার লক্ষ্য হচ্ছে টেকটিক্যাল ও টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা। স্পিনারদের জানাতে হবে কোন অ্যাঙ্গেল ব্যবহার করলে কী ধরনের ফল পাওয়া যাবে। কোন উইকেটে কোন জায়গা থেকে বল করতে হবে, কোন ব্যাটারের জন্য কেমন ফিল্ডিং সাজাতে হবে ইত্যাদি বিষয় নিয়ে কাজ করতে হয়। যদিও তারা অভিজ্ঞ, তবে এগুলো জানাতে হবে।' 

টাইগারদের নিয়ে তিনি বলেছেন, 'বাংলাদেশের স্পিনাররা খুব ভালো। তারা যে কোনো ম্যাচ জেতার ক্ষমতা রাখেন। অনেক ম্যাচ তারা জিতিয়েছেন। তাদের সঙ্গে কাজ করাটা সম্মানের। তাদের মধ্যে ভালো কয়েক জন ছেলে রয়েছেন। তারা কথা শোনেন এবং তাদের দিয়ে কিছু করানো যায়। আমার সময় ভালোই কেটেছে তাদের সঙ্গে। আশা করি, এই সিরিজে সবাই ভালো করবে।' 

কৌশলের বিষয়ে মুশতাক বলেছেন, 'তাদের নতুন কিছু শিখতে হবে না। তাদের মধ্যে যা আছে তা দিয়ে কাজ করলেই হবে। কেবল বিশ্বাসটা রাখতে হবে নিজের ওপর। এটিই বেশি গুরুত্বপূর্ণ। যাকেই বল করুক না কেন, বিশ্বাস রাখাটা সবার আগে দরকার। যদি সেই বিশ্বাস না থাকে, তাহলে হেরে যেতে হবে। কাজেই এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ। নিজের ওপর বিশ্বাস থাকলে যে কাউকে হারানো সম্ভব।'

ইত্তেফাক/জেডএইচ