ধর্ষকদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের দাবি

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:৪০

দেশব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা। এসময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান তারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে ধর্ষকদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় মানববন্ধনে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে এ কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা। এতে শতাধিক সাধারণ শিক্ষার্থীর সঙ্গে সচেতন নাগরিকরাও অংশ নেন।

মানববন্ধনে অংশ নিয়ে ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক বি এম লিপি আক্তার বলেন, অন্যান্য অপরাধের প্রকাশ্যে বিচার হলেও ধর্ষকদের বিচার হয় না। একটা খুনের চেয়ে কোনো অংশে ধর্ষণকে ছোটো মনে করি না। এজন্য যদি এর শাস্তি মৃত্যুদণ্ড হয় তাহলে ধর্ষকরা ভয় পাবে।

পরিবেশ বিজ্ঞানী কানিজ আকলিমা সুলতানা বলেন, ‘ধর্ষণ ও যৌন নির্যাতন এখন মহামারি আকার ধারণ করেছে। যেকোনো মহামারি সরকার চাইলে রুখতে পারে। প্রশাসন যদি তাদের এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত থেকে খোঁজ-খবর নেয় তাহলে দুই তিন বছর পর এ ধর্ষণ রোধ হবে। একটা ধর্ষণ হলে পুরো পারিবারিক কাঠামো ভেঙে যায়। এ পরিবারটা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই আমরা চাই ধর্ষকদের শাস্তি হোক মৃত্যুদণ্ড।’