অটোরিকশা বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো চালকের

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২০:২০

গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশা নিয়ে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে সানি (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি অটোরিকশাটির চালক ছিলেন। 

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জের বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিকালে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরু লাশটি উদ্ধার করেন। নিহত অটোরিকশা চালক সানি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

জানা যায়, দুপুরে সানি যাত্রী নিয়ে বালীগাঁও মোড়লবাড়ি এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় অটোরিকশাটি আটকে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ওই ক্রসিং অতিক্রম করছিল। তখন অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে গেলেও চালক সানি ক্রসিং থেকে অটোরিকশা সরানোর চেষ্টা করছিলেন। এ সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ হিরু বলেন, অটোরিকশা সরানোর সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে নিহত হন সানি। এ সময় অটোরিকশাটি ভেঙে চুরমার হয়ে যায়।

ইত্তেফাক/এসএএস