আবারও হারের মুখ দেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। গতকাল অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে ৩ উইকেটে হেরেছেন আকবর আলীরা। এর আগের চার ম্যাচের মধ্যে দুটিতে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সব মিলিয়ে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হয়েছে বাংলাদেশ এইচপিকে।
টুর্নামেন্টটিতে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৭৭ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এরপরে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেট ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটের হার দেখতে হয়েছে। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটালের বিপক্ষে ৬ উইকেটের জয় এলেও সেই ধারা বড় হলো না।
গতকাল শুরুতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে ১৮.৫ ওভারে জয় তুলে নেয় পাকিস্তান। ১৪২ রান তাড়ায় ৩ উইকেটে ১১১ রান তুললেও পরের ১৩ রান তুলতে আরও ৪টি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
তবে অষ্টম উইকেটে ইরফান খান ও জাহানদাদ খানের ২০ রানের জুটিতে ৭ বল বাকি থাকতেই জয় পায় দলটি। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৪৪ রান করেন শামীম হোসেন ও ৩২ বলে ৪১ রান করেন মাহফুজুর রহমান রাব্বি। বাকিরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
