কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের কাছে দেশীয় অস্ত্র এবং খেলনা পিস্তলসহ তিন রোহিঙ্গা যুবকে আটক করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত ৯টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনার বাসিন্দারা অস্ত্র নিয়ে ঘোরাফেরার সময় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের আব্দুর রহমানের ছেলে সোলতান রহমান (১৮), মোহাম্মদ আলমের ছেলে মো. আয়াছ (২০) এবং মো. জুবাইরের ছেলে নুর কামালকে (২০) অস্ত্রসহ আটক করে থানা পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগে নয়াপাড়া বিজিবি ক্যাম্পের জওয়ানেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ রোহিঙ্গা যুবকদের বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুন: বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল কাদের জানান, স্থানীয় গ্রামবাসীর সহায়তায় অবৈধ অস্ত্রসহ তিনজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন মহলের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ইত্তেফাক/অনি
