পদত্যাগ না করায় যবিপ্রবি ভিসির বাসভবনে তালা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২১:৫০

আল্টিমেটাম দেওয়ার পরও পদত্যাগ না করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। 

শনিবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা ভিসি ড. আনোয়ার হোসেনসহ তার অনুসারীদের পদত্যাগ চেয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেন। 

যবিপ্রবির প্রশাসনিক ভবন তালা দিচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: ইত্তেফাক

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ওইদিন যবিপ্রবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ম্যাুরাল, বঙ্গবন্ধুর নাম ফলক ও ভাস্কর্য ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্ররা। কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার বিক্ষোভ সমাবেশ থেকে যবিপ্রবি উপাচার্যকে শনিবারের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: ইত্তেফাক

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার (১৭ আগস্ট) বেলা বারোটায় যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে মিছিল 'মার্চ টু প্রশাসনিক ভবন' শুরু করে আন্দোলনকারীরা। এ সময় ভিসির বাসভবন ও প্রশাসনিক কার্যালয়ে তালা দেয় তারা। 

সমাবেশে বক্তারা বলেন, ভিসি আনোয়ার সব কাজে অনিয়ম-দুর্নীতি করেছেন। এছাড়া দুর্নীতি করতে তিনি বিশ্ববিদ্যালয়ে একটি সিন্ডিকেট গড়েছেন।

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ উসামাহ বলেন, আমরা স্বৈরাচার হাসিনা সরকারের মদদপুষ্ট দালাল ভিসি চাই না। তিনি শিক্ষার্থীবান্ধব উপাচার্য ছিলেন না। 

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আপাতত পদত্যাগের বিষয়ে তার কোনো পরিকল্পনা নেই। কারণ তিনি ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয়ক। এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়ার ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি ৩ শতাংশ শেষ করতে চান তিনি। তবে সরকার চাইলে পদত্যাগের বিষয়ে ভেবে দেখবেন বলেও জানান তিনি ।

ইত্তেফাক/এসএএস