সিদ্ধিরগঞ্জে হাজী রজ্জব আলী সুপার মার্কেটের ৩য় তলায় ‘পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাব’ নামে অনুমোদনবিহীন এক প্রাইভেট হাসপাতালের সন্ধান পেয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১। সোমবার রাতে ওই হাসপাতালে রোগী দেখার সময় মো. কামাল হোসেন ও মায়া বেগম নামে দুই ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ডাক্তার হিসেবে রোগী দেখার প্রেসক্রিপশন, বিভিন্ন প্যাথলজিক্যাল রিপোর্ট, এক্স-রে রিপোর্ট ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট উদ্ধার করা হয়। র্যাব-১১ এর অপারেশন অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, পিপিএম মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইলমোড় চিটাগাং রোডে অবস্থিত হাজী রজ্জব আলী সুপার মার্কেটের ৩য় তলায় ‘পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাবে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার মো. কামাল হোসেন (৪৩) পিতা-আব্দুস সালাম এবং মায়া বেগম (৩৬) স্বামী-নাদিম মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মো. কামাল হোসেন ব্যবস্থাপনা পরিচালক ও মায়া বেগম চেয়ারম্যান হিসেবে প্রায় ২ বছর যাবত্ কোনো সরকারি অনুমোদন না নিয়েই ঐ পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাব পরিচালনা করে আসছে। তাছাড়া তারা দীর্ঘদিন নিজেদেরকে ডাক্তার পরিচয় দিয়ে উক্ত হাসপাতালে নিয়মিত রোগীও দেখে এবং বিভিন্ন ডাক্তারের নামে ভুয়া প্যাথলজিক্যাল ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরি করে রোগীদের সাথে প্রতারণা করে আসছে। র্যাবের অভিযানিক দল হাসপাতালের সরকারি অনুমোদন দেখতে চাইলে কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি তারা। হাসপাতালের এমডি মো. কামাল হোসেন ও চেয়ারম্যান মায়া বেগম পরস্পর যোগসাজশে রোগী দেখে, বিভিন্ন প্রকার অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে রোগীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
