পাবিপ্রবিতে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৮:২৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ছাত্রলীগ কর্মীর নাম জামিউল ইসলাম হিমেল (২৪)। তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেহজাদ হাসানের অনুসারী ছিলেন।

ছাত্রলীগ কর্মী জামিউল ইসলাম হিমেল। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ঐ ছাত্রলীগ কর্মী হল থেকে খাবার খেতে ক্যাম্পাস গেটে যান। এ সময় একজন ছেলে এসে তাকে ফরিদা টাওয়ারের দিকে ডেকে নিয়ে যান। এরপর ঐ ছেলের সাথে আরও তিনজন যোগ দেন। পরে ফরিদা টাওয়ারের সামনে নিয়ে হিমেলের হাতে এবং পায়ে ছুরিকাঘাত করা হয়। 

ছাত্রলীগ কর্মী জামিউল ইসলাম হিমেল। ছবি: সংগৃহীত

ছুরিকাঘাতে আহত হলে হিমেলের সহপাঠীরা এসে প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। এ সময় মেডিকেল সেন্টারের ডাক্তাররা তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। পরে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী হিমেল বলেন, 'আমি ছাত্রলীগ করতাম তা ঠিক কিন্তু কারও সাথে আমার দ্বন্দ্ব ছিল না। এরপরও কেন আমাকে ছুরিকাঘাত করলো জানি না। ছাত্রলীগ করার কারণে এটা হয়েছে কিনা সেটাও বলতে পারছি না।'

ছাত্রলীগ কর্মী জামিউল ইসলাম হিমেল। ছবি: সংগৃহীত

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাসুদ রানা ইত্তেফাককে বলেন, 'সকালে আমাদের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছেন বলে শুনেছি। পরে আমি তাকে দেখতে যাই। লিখিত অভিযোগ পেলে, এই ঘটনার সাথে কারা জড়িত ছিল আমরা খুঁজে বের করতে চেষ্টা করবো।'

ইত্তেফাক/এসএএস