শিক্ষার্থীদের তোপের মুখে ঝিনাইদহ ছাড়লেন জেলা প্রশাসক 

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৯:১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৩ দিনের ছুটি নিয়ে ঝিনাইদহ ছাড়লেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। একই সময়ে সরে গেলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও এসআই ফরিদ।

রোববার (১৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে একটি দুর্নীতি বিরোধী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে জেলা কার্যালয় ঘেরাও করে। ছাত্রদের তোপের মুখে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৩ দিনের ছুটি নিয়ে ঝিনাইদহ ছেড়ে যান। 

ছবি: ইত্তেফাক

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম নিজেকে গোপালগঞ্জ  জেলার লোক বলে পরিচয় দিতেন ও দাপট দেখাতেন।

এরপর শিক্ষার্থীরা ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে সদর সার্কেল মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন এবং তাদের অপসারণের দাবি জানান। ছাত্রদের দাবির প্রেক্ষিতে তাদেরকে ঝিনাইদহ থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার আজিম উল আহসান। আশ্বাস পেয়ে ছাত্র নেতৃবৃন্দ সেখান থেকে ফিরে আসেন।

ছবি: ইত্তেফাক

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসকের সঙ্গে মোবাইল বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। 

ইত্তেফাক/এসএএস