আলোকচিত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন: শহিদুল আলম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২:১৭

যে কোনো সময়ের মতো এবারের আন্দোলনকালীন পরিস্থিতিতেও রাষ্ট্রীয় নিষ্পেষণ এবং সব বাধা-বিপত্তি উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করেছেন আলোকচিত্রীরা। বারুদের গন্ধ, গুলির শব্দের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছেন— এমন মন্তব্য করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

শনিবার ঢাকার দৃক গ্যালারিতে আয়োজিত ‘আলোকচিত্রীর চোখে গণঅভ্যুত্থান’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এমন কয়েক জন আলোকচিত্রী তাদের লোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করেন। 

শহিদুল আলম বলেন, ‘আলোকচিত্রীরা যেভাবে আন্দোলনটাকে দেখেছে, একেবারে সরাসরি, সেটা আর কেউ করেননি। কারণ, অন্য ধরনের রিপোর্টিং দূর থেকে বা ভিন্নভাবে করা সম্ভব । তারচেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে ছবিগুলো আজকের আয়োজনে দেখানো হলো। যারা এই আন্দোলনে আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কথা আমরা ভাবছি। সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আলোকচিত্রীদের যে মানসিক যন্ত্রণাটা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার কারণে তাদের ভেতর যে আগুন জ্বলছে, যে দগ্ধতা রয়েছে, সেটা নিয়েও ভাবতে হবে। আমি মনে করি, আমাদের আলোকচিত্রীদের সেই ক্ষতটা নিয়ে ভাবা দরকার।’

শহিদুল আলম আরও বলেন, ‘আমরা এতদিন ধরে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে ছিলাম। তবে এখন আমাদের কার্টুন প্রদর্শনীতে মানুষের ঢল নেমেছে। আমাদের এই অংশগ্রহণ ধরে রাখতে হবে। আমরা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশে আছি। এই আন্দোলন, এই বিপ্লব আমাদের ধরে রাখতে হবে।’

অনুষ্ঠানে আন্দোলনকালে পেশাগত দায়িত্ব পালনের অভিজ্ঞতা শোনান দৃকের আলোকচিত্রী হাবিবুল হক, পারভেজ আহমেদ, সুমন পাল, সুলতান মাহমুদ ও ইশতিয়াক করিম এবং দৈনিক ইত্তেফাকের আব্দুল গনি, বিজনেস স্ট্যান্ডার্ডের নাঈম আলী ও মানবজমিনের জীবন আহমেদ।

ইত্তেফাক/এএইচপি