ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, অডিট অনুসারে মোবাইল অপারেটর গ্রামীণ এবং রবি দুটি প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনা রয়েছে। ইতিমধ্যে পাওনা আদায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রামীণের শতকরা ৩০ ভাগ এবং রবির শতকরা ১৫ ভাগ ব্যান্ডউইথ কমানো হয়েছে। তাদের বলা হয়েছে অবিলম্বে যেন পাওনাদি পরিশোধ করে, না করলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (জাপা) এমপি মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপির এমপি হারুনুর রশীদের সম্পূরক এক প্রশ্নের জবাবে মোস্তফা জব্বার বলেন, ২২ হাজার পর্নো সাইট বন্ধ করা হয়েছে। ফেসবুক, টুইটার বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তারা আমাদের সমাজ, সংস্কৃতি ও কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসারে পরিচালিত হয় না। তারা মূলত আমেরিকার স্ট্যান্ডার্ড অনুসারে চলে।
ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ৪৪ লাখ
সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মোস্তফা জব্বার সংসদকে জানান, চলতি বছরের মে পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ৪৪ লাখ। মন্ত্রী জানান, ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেটের গ্রাহক ছিল মাত্র ৬০ লাখ।
বছরে চার কোটি মোবাইল ফোন আমদানি হয় :পলক
জাপার ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ ট্রেডিশনাল অর্থনীতি থেকে ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এখন দেশি-বিদেশি ১০টি কোম্পানি আমাদের দেশে হার্ডওয়্যার, সফটওয়্যার নির্মাণ করছে। প্রতিবছর আমাদের ৪ কোটি মোবাইল ফোন আমদানি করতে হয়।
জি এম সিরাজের শপথ আজ
বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজ আজ বৃহস্পতিবার শপথ নেবেন। দুপুর আড়াইটায় সংসদ ভবনে তাকে শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
