ভারী বর্ষণ ও বাতাসে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে একাধিক বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল।
সোমবার (১৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, মেরিন ড্রাইভ সড়কের দরিয়া নগর থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ২০টি বৈদ্যুতিক খুঁটি মাটিতে হেলে পড়েছে। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে আসলেও থেমে থেমে বৃষ্টি হওয়ায় কাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, মেরিন ড্রাইভের বৈদ্যুতিক খুঁটিগুলোর অধিকাংশ পাহাড়ের পাদদেশে স্থাপন করায় ভারী বর্ষণের কারণে নিচের মাটি সরে গেছে। ফলে সহজেই দমকা বাতাসে খুঁটিগুলো উপড়ে পড়েছে। ঘটনা ভোররাতে হওয়ায় কোন দুর্ঘটনা ঘটেনি বলে জানান তারা।
কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের গণি বলেন, মেরিন ড্রাইভ সড়কে প্রায় ২০টি বৈদ্যুতিক খুঁটি হেলে গেছে। আমরা এগুলো সরানোর জন্য কাজ করছি।
শনিবার (১৭ আগস্ট) রাত থেকে কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে। রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫৫ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় কক্সবাজার আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। যদিও এর প্রভাবে বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি হচ্ছে। ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকাসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
