আত্রাই নদীতে পানি কম। পশ্চিমবঙ্গের কৃষকরা সমস্যায় পড়ছেন। তাই এ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা দরকার। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
পশ্চিমবঙ্গ বিধানসভায় সিপিএম এমএলএ নর্মদাচন্দ্র রায় পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশে বলেন, দক্ষিণ দিনাজপুরের আত্রাই ও পুনর্ভবা নদী শুকিয়ে যাচ্ছে। আত্রাই নদী থেকে বাড়িতে বাড়িতে পানি পৌঁছুবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে মমতা বলেন, গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কলকাতায় এসেছিলেন, তখন তাঁকে আত্রাই নদীর পানির বিষয়ে বলেছিলাম। জানিয়েছিলাম, পশ্চিমবঙ্গের কৃষকরা পানি পাচ্ছে না। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকেও বিষয়টি জানিয়েছিলাম। এতে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এই সমস্যার সমাধান করা প্রয়োজন। ভারত সরকারকে বলেছি, এ বিষয়ে দুই দেশের মধ্যে একটা বৈঠক ডাকার জন্য। এর পাশাপাশি ফারাক্কা বাঁধের সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মমতা।
তিনি বলেন, ফারাক্কায় ড্রেজিং হয়নি। ফলে প্রবল বৃষ্টিতে সংলগ্ন এলাকা ভেসে যায়। বর্ষার সময় ভুটানের? সঙ্কোশ? নদী থেকেও পানি আসে। ঝাড়খণ্ড থেকেও পানি ছাড়া হয়। ফলে পশ্চিমবঙ্গ সমস্যায় পড়ে।
কংগ্রেস নেতা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, ফারাক্কা ব্যারেজ ঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। ফলে মালদার মানুষ বিপন্ন হচ্ছেন।
উল্লেখ্য, তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের দাবি দীর্ঘদিনের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজি না হওয়ায় এই চুক্তি হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। এ নিয়ে আলাপ, আলোচনা এবং সমাধানের চেষ্টার মাঝেই গত বছর মমতা আত্রাই নদীর পানি নিয়ে দাবি তোলেন। বলেন, বাংলাদেশ পানি না দেওয়ায় আত্রেয়ী নদী নিয়ে সমস্যায় পড়ছে পশ্চিমবঙ্গ।
