গায়ক অঞ্জন নাটকের অঞ্জন

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০০:৪৭

 ‘এটাকি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন’ বা ‘পাড়ায় ঢুকলে ঠ্যাং গুঁড়ো করে দেবো’ গান মানেই অঞ্জন দত্ত। মনুষের ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা তার গানে জীবন্ত হয়ে ধরা পড়ে। মানুষের কাছে অঞ্জন দত্ত গানের মানুষ। যিনি গিটারের সঙ্গে গলা ছাড়েন জীবনের গান নিয়ে। তবে কলকাতার অঞ্জন দত্তকে যারা আরেকটু ভালো করে জানেন, তাদের কাছে তিনি মঞ্চের মানুষ, সিনেমারও মানুষ। গান দিয়ে নয় এবার অঞ্জন দত্ত ঢাকার দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়ালেন মঞ্চনাটকে। মার্কিন নাট্যকার আর্থার মিলারের ‘ডেথ অব দ্য সেলসম্যান’র নতুন প্রকাশে। ১৯৪৯ সালে আর্থার মিলার নাটকটি লেখার পর থেকেই বহুবার নানা আঙ্গিকে নাটকটি মঞ্চস্থ হয়েছে। সে নাটকটিই নবরূপায়ন করেছেন ওপার বাংলার প্রখ্যাত সংগীতশিল্পী অঞ্জন দত্ত। সে নাটকটি নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর নতুনরূপ দিয়েছেন তিনি। বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে প্রথমবার তিনি বাংলাদেশের মানুষের সামনে অভিনয় করলেন।

সন্ধ্যায় মহিলা সমিতিতে পরপর দুবার মঞ্চস্থ হয়েছে অঞ্জন দত্ত প্রোডাকশনের ‘সেলসম্যানের সংসার’। নাটকটির নবরূপায়ন ও নির্দেশনা দিয়েছেন অঞ্জন দত্ত নিজেই। ঢাকায় এ নাটক মঞ্চায়নের আয়োজন করে ছাপাখানার ভূত।

নাটকে উইলি লোম্যানের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত। আরো অভিনয় করেছেন সুপ্রভাত দাশ, সুদীপা বোস, অনির্বাণ চক্রবর্তী, উষ্ণক বসু, বর্ণা রাহা, অভিরূপ চট্টোপাধ্যায় এবং সুহর্ত্র মুখোপাধ্যায়।