সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ  

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৬:১৬

সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামানের বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ভগ্নীপতি সাবেক এমপি আব্দুল মান্নান ও বোন সাহাদারা মান্নানের প্রভাব খাটিয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে জানা গেছে। 

গত ১৩ আগস্ট কলেজের ৫৪ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারকে দেওয়া হয়েছে। ঐ অভিযোগ পত্রে বলা হয়েছে, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে দলীয় ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন অধ্যক্ষ। শিক্ষক-কর্মচারীদের পদোন্নতির জন্য বিপুল পরিমাণ টাকা উৎকোচ গ্রহণ করতেন তিনি। এ ছাড়াও নানা আর্থিক অনিয়মের কথা ফুটে উঠেছে অধ্যক্ষ সাইদুজ্জামানের নামে। 

 অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ পত্র। ছবি: ইত্তেফাক

কলেজের উপাধ্যক্ষ মুনজুর মোশেদ ইত্তেফাককে বলেন, কলেজে যোগদান করার পর থেকেই তিনি ভগ্নীপতি ও বোনের প্রভাব খাটিয়ে এবং ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে নানা দুর্নীতি-অনিয়ম করে আসছেন। কেউ প্রতিবাদ করলে তাকে হয়রানি করতেন। তাই আমরা এতদিন প্রতিবাদ করতে পারিনি।

এ ব্যাপারে অধ্যক্ষ সাইদুজ্জামানের সঙ্গে একাধিকার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। 

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এবং নির্দেশনা আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এসএএস