তলিয়ে গেছে রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮:২৮

কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি। সেতুতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন। 

শুক্রবার (২৩ আগস্ট) সকালে কাপ্তাই হ্রদে সেতুর পাটাতনে প্রায় ১ফুট পরিমাণ পানি উঠতে দেখা গেছে। সেতু পারাপারে নিষেধাজ্ঞা জারি থাকায় এ সময় অনেক পর্যটককে হতাশ হয়ে চলে যেতে দেখা গেছে। 

সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও অনেক পর্যটককে তা অমান্য করে চলাচল করতে দেখা গেছে। ছবি: ইত্তেফাক

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর প্রায় ১ ফুটের কাছাকাছি পানি উঠেছে, যা বেড়েই চলেছে। পানির চাপে অনেক স্থানেই খুলে গেছে সেতুর পাটাতনের কাঠ। সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও অনেক পর্যটককে তা অমান্য করে চলাচল করতে দেখা গেছে।

এ বিষয়ে রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য শুক্রবার সকাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রতিবছর ব্রিজ ডুবে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, নাব্যত্ব সংকটের কারণে হ্রদের গভীরতা কমে গেছে। ফলে বর্ষা মৌসুমে পানি বাড়লেই সেতু ডুবে যাচ্ছে। 

ইত্তেফাক/এসএএস