বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে রাজধানীর দেয়ালে শিক্ষার্থীরা এেঁকছেন ছবির কাব্য। বন্যাদুর্গতদের সহায়তায় শুধু সরকার নয়, প্রত্যেক নাগরিককে নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নিউ মার্কেট, সাইন্সল্যাব এলাকায় দেওয়াল অঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা এসব কথা বলেন। রেইনবো পেইন্টসের সহযোগিতায় দেওয়াল চিত্রের মাধ্যমে শিশু-কিশোররা এই পরিবর্তনের চিত্রই তুলে ধরছে। তারা বলছেন, প্রথাগত নিয়ম ভেঙে শুধু সরকার কিংবা জনপ্রতিনিধিই নয়, স্থানীয় সামর্থ্যবানদেরও সমাজের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। তাই তারা তাদের ছবিতে সিস্টেম চেঞ্জের দাবি জানিয়েছেন।
চলমান বন্যার চিত্র তুলে ধরে শৈল্পিক স্বপ্ন শিশু-কিশোর সংগঠনের নাবিদ রহমান তুর্য বলেন, ভয়াবহ বন্যায় দেশের ১৩ জেলার প্রায় অর্ধকোটি মানুষ পানিবন্দি। নিদারুণ কষ্টে কাটছে তাদের এই দুর্যোগের দিন-রাত্রি। ঠিক এই মুহূর্তে সবাইকে যার যার নিজের মতো করে এগিয়ে আসতে হবে। শুধু সরকার কিংবা প্রশাসনের সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার দিকে না তাকিয়ে থেকে যার যার মতো করে নিজস্ব সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে হবে। চিত্র শিল্পী নওশীন তাবাসুম তৃনা বলেন, সমাজের মানুষের মধ্যে চিন্তার খোরাক জোগাতেই তাদের এই দেওয়াল চিত্র অঙ্কনের উদ্যোগ। যা ব্যস্ত নাগরিক জীবনে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করবে।
পরার্থে ফাউন্ডেশনের এনামুল হক ইশান বলেন, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমরা মানুষের বিবেক জাগ্রত করার উদ্যোগ নিয়েছি। ছবিতে শুরু আগামীর শপথ কর্মসূচির উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের পরিচালক নাজনীন খানম জানান, বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য ব্যস্ত নগরবাসীকে উদ্দীপ্ত করতে সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে দেওয়ালে চিত্র অঙ্কনের কাজ।
মিডিয়া মিউজিয়ামের আরেক পরিচালক রুহুল আমিন স্বপন বলেন, দেশের পুরোনো সিস্টেমগুলো পরিবর্তনের দাবি তুলেছেন তরুণ শিক্ষার্থীরা। তাদের দাবিকে সবার সামনে তুলে ধরতেই মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এই কাজে পাশে থাকার জন্য রেইনবো পেইন্টসের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। শিশু-কিশোর যুব সংগঠন মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এ আয়োজনে। এসব শিশু-কিশোররা দারিদ্র্যমুক্ত স্বাবলম্বী এক বাংলাদেশ বিনির্মাণে তাদের আগামীর প্রত্যাশা তুলে ধরেন রংতুলিতে ছবির মাধ্যমে।
