ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৪:১৭

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন ওপেনার শিখর ধাওয়ান। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে দেখা যেত তাকে। তবে এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সাবেক এই ওপেনার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে ভারতের সাবেক এই ওপেনার বলেন, ‘আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’

তিনি আরও বলেন, ‘আমার একটাই লক্ষ্য ছিল, দেশের হয়ে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। অনেককে ধন্যবাদ। প্রথমত আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিংহ এবং মদন শর্মা। তাদের প্রশিক্ষণেই আমি ক্রিকেট শিখেছি। তার পর ধন্যবাদ দেব আমার গোটা দলকে, যাদের সঙ্গে আমি খেলেছি, আর একটা পরিবার পেয়েছি। সবার ভালবাসা আর সমর্থন পেয়েছি। গল্পের বই পড়তে পড়তে যে রকম পাতা উল্টাতে হয়, আমিও সেটাই করছি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

ভারতের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০,৮৬৭ রান করেছেন শিখর। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে। দেশের হয়ে তিন ফরম্যাটে খেলেছেন ২৬৯টি ম্যাচ। যেখানে ২৪টি সেঞ্চুরি রয়েছে তার। এরমধ্যে ১৭টি ওয়ানডে ও ৭টি টেস্ট সেঞ্চুরি রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ