বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীতে গার্মেন্টসকর্মী রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ নিয়ে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা হয়েছে। আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে। এছাড়া আরও চার থেকে ৫০০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলায় ২৮ নম্বর আসামি হচ্ছে সাকিব আল হাসান। বলা হয়েছে নিদের্শদাতা হিসেবে দেশের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম এসেছে।
সাকিব আল হাসান এখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথম ম্যাচটি খেলছেন। সাকিবের মামলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো চিন্তাভাবনা করছে না। মামলার কথা শুনেছে বিসিবি। কিন্তু এই মুহূর্তে এসব নিয়ে ভাবতে রাজি না, কারণ খেলা চলছে। খেলোয়াড়দের বিষয়ে সাধারণত দেখভাল করার দায়িত্ব ক্রিকেট অপারেশন্সের। এই কমিটির চেয়ারম্যান ছিলেন জালাল ইউনুস। তিনি তিন দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।
বিসিবির মিডিয়া কমিটি জানিয়েছে জালাল ইউনুসের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সাকিবের বিরুদ্ধে মামলার ইস্যুতে জানানো হয়, খেলা শেষ হলে বলা যাবে। সাকিব যদি ঢাকায় ফিরে প্রমাণ করতে পারেন, তিনি ঘটনার সময় কোথায় অবস্থান করছিলেন এবং তার যদি জামিন হয় তাহলে হয়তো নিষ্পত্তির দিকে যাবে সাকিব ইস্যু। এখন দেখার বিষয় পাকিস্তান ট্যুর শেষে সাকিব দেশে ফিরবেন নাকি যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে যাবেন।
এ ব্যাপারে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট শেষ হওয়ার পর সাকিব বিষয়ে কথা বলতে পারে বিসিবি। সাকিব ছিলেন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য।
