বাজারে পাওয়া যাচ্ছে শীতের বিভিন্ন সবজি। এসব সবজি দিয়ে খুব সহজেই মজাদার চাইনিজ খাবার তৈরি করা যায়। আসুন জেনে নেওয়া যাক তেমন চারটি রেসিপি। রেসিপিগুলো দিয়েছেন নাজিয়া। রেসিপি ও এর ছবি দিয়েছেন নাদিয়া নাতাশা
টারনিপ ফিস্ট কাবাব
উপকরণ :ওলকপি ১টি, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, কাঁচামরিচ কুঁচি ২টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, রসুন বাটা ১ চামচ, বেসন ১/২ কাপ, ময়দা ১/২ কাপ, লেবুর রস ২ চা চামচ, ধনে পাতা কুঁচি ইচ্ছামতো, চিনা বাদাম আধা ভাঙা ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য, লবণ প্রয়োজনমতো, স্প্রিং ওরিয়ন কুঁচি ২ চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, ধনে গুঁড়া ১/২ চা চামচ।
প্রণালি :ওল কপি মিহি করে কেটে সামান্য লবণ মাখিয়ে রাখুন। এবার হাত দিয়ে চেপে পানি ফেলে দিন, এর সাথে তেল ছাড়া একে একে সব ভালো করে মিশিয়ে নিন। এবার হাতের সাহায্যে কাবাবের আকার দিয়ে ডুবো তেলে অল্প আঁচে ভেজে নিন।
কলিফ্লাওয়ার স্পাইসি রাইস
উপকরণ :ফুলকপি ছোট করে কাটা ২ কাপ, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, রসুন কুঁচি ২ চা চামচ, কাঁচামরিচ কুঁচি ২ টেবিল চামচ, আদা মিহি কুঁচি ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো, টমেটো পিউরি ১/২ কাপ, ধনে পাতা কুঁচি ২ চা চামচ, অলিভ অয়েল ২ চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া ১/২ চা চামচ।
প্রণালি :ফুলকপি ব্লেন্ডারে দিয়ে মিহি করে গুঁড়া কর নিন। এবার প্যানে তেল দিয়ে রসুন ও পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেজে তাতে ফুলকপি কুঁচি দিয়ে ভাজুন। এবার একে একে সব মসলা দিয়ে দিন। অল্প আঁচে কিছুসময় রান্না করুন। নামানোর আগে ধনে পাতা কুঁচি দিয়ে নামিয়ে নিন।
ক্যাবেজ চিকেন স্যুপ
উপকরণ :বাঁধাকপি কুঁচি ১ কাপ, চিকেন ছোট করে কাটা ১ কাপ, পেঁয়াজ রিং করে কাটা ১টি, কাঁচামরিচ কুঁচি ২ চা চামচ, সয়াসস ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, আদা কুঁচি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১ চামচ, চিকেন স্টক ২ কাপ, বাটার ১ চা চামচ, ধনেপাতা ইচ্ছামতো, কাঁচামরিচ কুঁচি ইচ্ছামতো, গাজর কুঁচি ইচ্ছামতো।
প্রণালি :প্যানে বাটার দিয়ে তাতে চিকেন ভেজে নিন। এবার চিকেন স্টকে বাঁধাকপিসহ একে একে সব উপকরণ দিয়ে ভালো করে রান্না করুন। চিকেন দিয়ে দিন, সব সিদ্ধ হয়ে গেলে লেবুর রস, ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।
ভেজিটেবল রাইস চিজ বল
উপকরণ :সিদ্ধ করা রাইস/ভাত ১ কাপ, ক্যাপসিকাম, গাজর, বরবটি, ফুলকপি মিহি কুঁচি ১ কাপ, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, কাঁচামরিচ কুঁচি ২ চা চামচ, পারমেজান চিজ ১/২ কাপ, মোজেরেলা চিজ কিউব প্রয়োজনমতো, ধনেপাতা ২ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ডিম ১টি, ব্রেডক্রাম ২ কাপ, তেল ভাজার জন্য।
প্রণালি :ভাত ভালো করে চটকে নিন। এবার তার সাথে ভেজিটেবল, লবণ, ধনেপাতা, পারমেজান চিজ, গোলমরিচ পেঁয়াজ, কাঁচামরিচ কুঁচি ভালো করে মিশিয়ে নিন। এবার ছোট ছোট বল বানিয়ে তার মাঝখানে মোজেরেলা চিজ কিউব দিয়ে দিন। এবার বলটি ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিন। সাবধানে ডুবো তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
