পাশে টিম ম্যানেজারের দিকে তাকিয়ে 'আমার জন্মদিন বলছেন? প্রশ্ন করে হাসলেন তিনি' সংবাদ সম্মেলনে পাকিস্তানি এক গণমাধ্যমকর্মীর থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে এভাবেই গতকাল প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৫ আগস্ট ছিল শান্তর ২৬তম জন্মদিন। আর এই দিনই তার নেতৃত্বে দেশ পেয়েছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। এই আনন্দেই হয়তো নিজের জন্মদিনের কথা কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলেন তিনি।
তবে শান্ত এই স্রোতে গা ভাসাতেও চাইছেন না। কেননা সিরিজের আরেকটি টেস্ট এখনো বাকি রয়েছে। সেটিতে জয় তুলে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক। পাশাপাশি প্রথম টেস্ট জয়টি জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতাকে উৎসর্গ করেছেন টাইগার অধিনায়ক।
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে এটি লাল বলে প্রথম জয় টাইগারদের। তবে সিরিজের আরও একটি ম্যাচ এখনো বাকি রয়েছে। ঐটাতেও জয় তুলে নিতে মনোযোগী লাল সবুজের প্রতিনিধিরা। এ প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, 'দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ শেষে আমরা সময়টা অবশ্যই উপভোগ করেছি। তবে এখন আমাদের প্রস্তুতি নিতে হবে দ্বিতীয় ম্যাচের জন্য, যে কীভাবে ঐটাতে জয় পাওয়া যায়। আমরা সবাই বিশ্বাস করি, আমরা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে পারব এই ম্যাচের মতো। তবে এর জন্য একটা প্রক্রিয়া ধরে এগোতে হবে। ম্যাচের প্রতিটি সেশন বাই সেশন ধরে নিয়ন্ত্রণ রাখতে হবে। তো দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'
এ দিকে দল পাকিস্তানে থাকলেও নজর রাখছেন দেশের দিকে। কেননা গেল কয়েক দিন ধরেই কয়েকটি অঞ্চলে লাখ লাখ মানুষ পানিতে আটকা পড়ে আছে। আর তাদের উদ্ধারে পুরো দেশ মিলে এগিয়ে এসেছে। যে যেভাবে পারছেন সহায়তা করছেন। আর এদিকে পিছিয়ে নেই ক্রিকেটাররাও।
শান্ত জানিয়েছেন, সবাই ব্যক্তিগতভাবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, 'খুবই দুঃজনক, আসলে এটা আমাদের সবারই নিয়ন্ত্রণের বাইরে (বন্যা)। সবাই আমরা জানি বাংলাদেশের মানুষ বিপদে একে অপরের পাশে সবসময় ছিল। তো আমি দেখছি, ঐখানে (বন্যাকবলিত এলাকায়) যারা বিপদে আছে সবাই মিলে সহায়তা করছে এবং আমাদের দলের পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবেও প্রত্যেকটা খেলোয়াড় যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যে, কীভাবে বিপদের পড়া মানুষদের পাশে দাঁড়ানো যায়। দল হিসেবেও চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। সবাই দেশের পরিস্থিতির খোঁজ-খবর রাখছে।'
