জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো

উইন্টার ফ্যাশন এক্সপো

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩১

l মাহমুদুল আমিন

 

শীত ও বিয়ের মৌসুমকে সামনে রেখে জনপ্রিয় ক্লোদিং ব্র্যান্ড কোরাল ক্লোসেট ও মায়ার যৌথ আয়োজনে রাজধানীর গুলশান ২-এর গার্ডেনিয়া গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী পোশাক, জুয়েলারি ও বিউটি প্রোডাক্টের উইন্টার অ্যান্ড ইয়ার অ্যান্ড সেল। ‘One place different Moods’ প্রতিপাদ্যকে রেখে গত ৩০ নভেম্বর সকাল ১১টায় শুরু হয় এই প্রদর্শনী। এতে ৩০টিরও বেশি স্টল ছিল এবং অংশগ্রহণ করেছিলেন নবীন ও প্রতিষ্ঠিত মিলিয়ে প্রায় ২০ জন উদ্যোক্তা। প্রদর্শিত ডিজাইন ব্র্যান্ডগুলোর মধ্যে ক্লোরাল ক্লোসেট, মায়া, শানিলস, সাজফা বাই তারান্নুম আলি, প্রিন্ট মি ইয়ালো বাই সাবা খান, আজারাজ বাই এস নাসরিন সুমী, সুজি খান, ভারসাই, যুনিজে,হাউজ অব আহমেদ’স, মাউভি, তাশা,যায়না বাই সুমনা, ভারি, রোজ বাই নিঝু, ফারজানা ইউসুফ ডিজাইন স্টুডিও, আলিশান, আরশিয়া, ওয়ারজা, নাভিলা হাসান, ওয়ালিয়া, স্পার্ক্লেস ক্রিয়েশনস, এনএস অ্যাটায়ার, মারিয়াক, আর্শিয়া, কেপ টাউন, খুবসুরতি, ফ্যাশন ভলিয়ম, গ্র্যান্ড ডিউর, কালারজ বাই শেখ ফারিয়া, জেনিথ অ্যান্ড জাফরিনজ, শাসা, নিম্মিস কালেকশন, দেসার, তাইয়াবাস ক্লসেট, অগান, আরশি ডিজাইনস প্রভৃতি। জুয়েলারি প্রোডাক্টের মধ্যে ছিল প্রিটি ওম্যান বাই সামরিন ইসলাম আহমেদ, নিমালি, হেরিটেজ হোম, ব্লিং জুয়েলারি, মিনারভা বাই মেহজাবীন আহমেদ, মিরালি, দেসার, জুয়েলারি বাই মেহজাবীন নাজিয়া। গৃহসজ্জা সামগ্রীর মধ্যে ছিল লাক্সি লিভিং ও নাইট ব্রিজ। রূপচর্চার জন্য ছিল স্কিন অ্যান্ড বিউটি আফটার গ্লো বাই সুমাইয়া ইস্কান্দার। প্রদর্শনীতে খাবারের স্টলেও ছিল উদ্যোক্তাদের উদ্যোগ; সুইট ট্রিটস বাই সানা ওটিনা’স ফ্লেভার ফ্যাক্টরি। বিভিন্ন স্টল ঘুরে দেখা গিয়েছে, আগত ক্রেতা ও দর্শকদের অন্যতম মূল আকর্ষণ হচ্ছে সৃজনশীলতায় গড়া দেশি-বাহারি বিভিন্ন নকশাকর কাপড়ের সংগ্রহ। এ সমারোহে স্থান পেয়েছে হরেক রকম সিল্ক কাপড়, সুতার কাজ ও এমব্রয়ডারি। নতুন প্রবণতার নকশায় রয়েছে হালকা ও গাঢ় রঙের ভিন্নরকম মিশেল এবং বৈচিত্রময় স্নিগ্ধ প্যাস্টেল শেডের ছোঁয়া। প্রদর্শনী উপলক্ষে দর্শকদের আকৃষ্ট করতে কমবেশি সকল ব্র্যান্ডের কাপড়েই দেওয়া হয়েছিল বিশেষ মূল্যছাড়। আয়োজনে দেশি ক্রেতাদের পাশাপাশি বিদেশি ক্রেতাদের সমাগমও ছিল চোখে পড়ার মতো। এমনই একজন ক্রেতা জানান, প্রদর্শনী ঘুরে তিনি খুবই সন্তুষ্ট এবং মনমতো বেছে কিনে নিয়েছেন পছন্দের পোশাকটিও। এরকম আয়োজন আরেকটু লম্বা সময় নিয়ে যেন প্রতি বছরই হয় সে আশাও তিনি ব্যক্ত করেন।  প্রদর্শনী ঘুরে দেখা যায়, অধিকাংশ স্থান বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে। ‘উইন্টার ফ্যাশন এক্সপো’র অন্যতম প্রবর্তক, ক্লোদিং ব্র্যান্ড কোরাল ক্লোসেটের কর্ণধার রুপো শামস বলেন, ‘উইন্টার ফ্যাশন এক্সপো-তে অংশগ্রহণকারীরা মূলত ২০ থেকে ৪৫ বছর বয়সী ডিজাইনার। এখানে অন্যতম মূল লক্ষ্য হলো তরুণ ও মেধাবী ডিজাইনার, উদ্যোক্তাদের কাজ প্রদর্শনের প্ল্যাটফর্ম জোগান দেওয়া। এখানে স্থান পেয়েছে সমাজের দুস্থ অথচ মেধাবী কিছু মানুষদের কাজ। উদ্যোক্তাদের অধিকাংশ নারী হওয়ায় এক অর্থে তাদের সমর্থন প্রদানের প্রয়াসও এটিকে বলা যায়।’ তিনি আরও বলেন, ‘প্রায় ১৫টির মতো প্রদর্শনী এ যাবত সফলভাবেই অনুষ্ঠিত হয়েছে এবং এতে অংশগ্রহণকারীরাও সন্তুষ্ট আর মানুষের মাঝেও সাড়া ফেলতে তা সক্ষম হয়েছে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল দুইদিনব্যাপী এই প্রদর্শনী।’