দেশজুড়ে জন্মাষ্টমীর নিরাপত্তায় সেনাবাহিনী

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২৩:৫০

দেশজুড়ে সোমবার পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। দিনটিকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও উপাসনালয়গুলোর বিশেষ নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। 

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর এ তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী জনগণ।

আইএসপিআর জানায়, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সংঘর্ষ ও অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করাই শ্রীকৃষ্ণের শিক্ষা। এই শিক্ষাকে বুকে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে সোনার বাংলা গড়ে তুলবে এই প্রত্যাশা সবার। জনগণের এই প্রত্যাশা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী পাশে আছে এবং থাকবে।

ইত্তেফাক/এমএএম