রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুসলিম উদ্দিন মিলন নামে এক শ্রমিক নিহতের ঘটনায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতের বিচারক রাজু আহমেদের আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। নিহত মুসলিম উদ্দিন মিলন একজন স্বর্ণ শ্রমিক ছিলেন। নগরীর পূর্ব গনেশপুর এলাকায় তিনি বাস করতেন।
এদিকে মামলার আসামি সাবেক স্পিকার ছাড়া অন্যান্যরা হলেন, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য নাছিমা জামান ববি, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশরাফ সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা আওয়ামী লীগের আহবায়ক ছায়াদাত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিয়ার রহমান সাফি ও সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল ছাড়াও অজ্ঞাতনামা অনেকে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। সে সময় আসামিদের প্ররোচনা ও উস্কানিতে পুলিশ সদস্যরা এলোপাথাড়ি গুলি করেন। এতে মিলন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে আসামিদের চাপে লাশের ময়নাতদন্ত ছাড়ায় তড়িঘড়ি করে দাফন করা হয়।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
