‘রুপা ভাবি’ নাটকের জুটি

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৮:৩৪

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী চঞ্চল চৌধুরী ও তারিন—দুজনই অভিনয়ে সফলতা পেয়েছেন প্রত্যাশিতভাবে। সম্প্রতি তাঁরা জুটি হয়ে অভিনয় করলেন আসছে ঈদের একটি নাটকে। এই নাটক ও অভিনয় নিয়ে তাদের ভাবনার কথা জানাচ্ছেন অজেয় চৌধুরী

‘দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্যাদা দেয় না। এই যে রুপা এতদিন সংসারের সবকিছুর দায়িত্ব নিয়ে সামলে আসছে, আমরা কি কেউ তাকে প্রতিদান দিতে পেরেছি? আমাদের রুপারা প্রতিদান আশা করে না। কিন্তু তবু্ কী আমরা কোনোদিন বলেছি, ধন্যবাদ রুপা, তুমি আসলে পরিবারের জন্য অনেক কিছুই করেছ এবং করে যাচ্ছ। কিন্তু আমরা তাও বলি না, আমরা কত কৃপণ’—এমনই বিষয়কে উপজীব্য করে পারিবারিক গল্প নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘রুপা ভাবি’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই নাটকে তারিন, চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন ড. ইনামুল হক, শিরীন আলম প্রমুখ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘একজন রুপা আমাদের বাঙালি নারীর চিরায়ত চরিত্র। তাঁরা প্রতিদানের আশা নিয়ে সংসার আগলে রাখে না। কিন্তু তারপরও তাঁরা দিনের পর দিন সংসারের জন্যই নিবেদিত হয়ে কাজ করেন। এই নাটকে রুপা চরিত্রে অভিনয় করেছেন তারিন। তারিন এক কথায় অসম্ভব মেধাবী একজন অভিনেত্রী। আমি যখন অভিনয় শুরু করি, তখন অনেক মেধাবী অভিনেত্রী ছিলেন। তাঁরা অনেকেই এখন আর কাজ করছেন না। সাময়িক একটি সিস্টেমের ভেতরে পড়ে আমরা যা ইচ্ছা তাই করছি। মেধাবী শিল্পীদের মূল্যায়ন করছি না। তারিনের মতো মেধাবী শিল্পীদের নিয়ে নিয়মিত নাটক নির্মিত হওয়া উচিত। আর নির্মাতা হিসেবে আবু হায়াত মাহমুদ খুব ভালো। অনেক যত্ন নিয়ে সে নাটক নির্মাণ করার চেষ্টা করে।’ জনপ্রিয় অভিনেত্রী তারিন বলেন, ‘এ নাটকের গল্প প্রত্যেকটি মানুষের বিবাহিত জীবনের একটি অংশ। সবাই এই গল্পের সঙ্গে কোথাও না কোথাও নিজের জীবনের কিছুটা হলেও মিল খুঁজে পাবেন। লেখক খুব সুন্দরভাবে গল্পটা উপস্থাপন করার চেষ্টা করেছেন। সংসার সুখের হয় রমণীর গুনে, এ কথা কতটুকু সত্যি তা এই গল্পে আছে। রুপা ভাবি নাটকে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন আমারই ভীষণ পছন্দের একজন কো-আর্টিস্ট, পছন্দের অভিনেতা চঞ্চল ভাই। তিনি এমনই একজন শিল্পী, শুটিংয়ে আসার আগে যাঁর স্ক্রিপ্ট মুখস্থ থাকে, তিনি জানেন নাটকে তাঁর চরিত্র কী। মূলকথা তার পূর্বপ্রস্তুতি থাকে বলেই তার সঙ্গে কাজটা ভীষণ উপভোগ করি আমি। আমি নিজেও সবসময় আমার চরিত্র বুঝে, স্ক্রিপ্ট মুখস্থ করে শুটিংয়ে যাই। যেকোনো কারণেই হোক, আজকাল নাটকের পরিবারের সদস্যদের দেখা যায় না। কিন্তু ‘রুপা ভাবি’ এই সময়ে একটি সুন্দর পারিবারিক গল্পের নাটক।’ বিশেষ পারিবারিক গল্পের নাটক ‘রুপা ভাবি’ আগামী ঈদে আরটিভিতে প্রচারিত হবে।