অভিনয়ের চার বছর

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৮:৪১

 

ছোটবেলায় বিতর্ক করতেন। নাটক, কবিতা আবৃত্তি আর অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন অনেক। ব্যাংকিং, বিজনেস আর খেলার জগত্ নিয়ে টেলিভিশনে টক শোতে অংশ নিয়েছেন। গান গাওয়ার শখ ছিল। কিন্তু গান শেখার সুযোগ হয়নি। ২০১৫ সালের ৩ জুলাই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এফ কিউ পিটারের ‘দ্য হিরো’ টেলিফিল্মে শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিমের সঙ্গে। অভিনয়ের শুরুর গল্প জানতে চাইলে তিনি বলেন, ‘এটিএন বাংলার অফিসে শিল্পী চন্দন সিনহাকে আমার এই শখের কথা বলার পরে তিনি পরিচয় করিয়ে দেন এই সময়ের একজন জনপ্রিয় নির্মাতার সঙ্গে। তিনি একজন দারুণ কাজপাগল মানুষ। তাঁর কাছে আমি অনেক কৃতজ্ঞ। তাঁর অনুপ্রেরণা আর উত্সাহ আমাকে এগিয়ে যেতে আশাবাদী করেছে। অনেক বড় কিছু কাজ করার পরিকল্পনা তাঁর আমাকে নিয়ে। তিনি সত্যিই একজন গুণী নির্মাতা।’ তিনি আরো বলেন, ‘মাহফুজ আহমেদ, এফ কিউ পিটার, ফরহাদ ফয়সাল, বি ইউ শুভ, পিনটু সাহা, সাখাওয়াত মানিক আর প্রজ্ঞা নীহারিকা। তাঁদের পরিচালনাতেও আমি কাজ করার সুযোগ পেয়েছি। ছুটির দিনে আর সন্ধ্যার পর কাজগুলো করেছি আমি।’ অভিনয়ের চার বছর পার করার অভিজ্ঞতা প্রসঙ্গে আজম খান বলেন, ‘এই চার বছরে শোবিজে আমি শুধু অভিনয়ই করেছি। সেজন্যই শখের অভিনয় একসময় পরিণত হয়েছে আমার দ্বিতীয় কাজে। আর তাই এখন আমি বলতে পারি অভিনয় হলো আমার প্যাশন। দীর্ঘ এ সময়ে আমি একটাও নাটক, টেলিফিল্ম বা মিউজিক ভিডিও পরিচালনা বা প্রযোজনা করিনি। কারণ আমি শুধুই একজন অভিনয়শিল্পী।’ তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি একটি শীর্ষ স্থানীয় ব্যাংকের কমিউনিকেশনস বিভাগের প্রধান। আর তাই শোবিজে অনেক সময় অনেকেই অনুরোধ করেছেন স্পন্সর করার জন্য। কিন্তু নীতিগত কারণে আমি সেটাও করিনি কখনো। তারপরও অনেকের ধারণা আমি একজন প্রডিউসার। অনেক কাজ প্রডিউস করেছি এই চার বছরে। বিশেষ করে প্রিয় বন্ধু আর নির্মাতা চয়নিকা চৌধুরীর সব টিভি কাজের আমি একমাত্র প্রডিউসার। আশা করি, এই লেখাটা পড়ে অনেকের সেই ভুল ভাঙবে। আমি  অনেক কৃতজ্ঞ টেলিহোম, সালভি টেলিফিল্ম, আলফা আই, পথিক, দৃষ্টি দ্বীপ, জারা ক্রিয়েশনস, ১৯৫২ এন্টারটেইনমেন্ট, বাণীচিত্র, ফ্যাক্টর থ্রি সলিউশনসের মতো অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে, যাদের প্রযোজনায় এই চার বছরে আমি কাজ করার সুযোগ পেয়েছি শোবিজে।’ গত চার বছরে অনেক গুণী নির্মাতার পরিচালনায় অভিনয় করেছেন অভিনেতা আজম খান। চয়নিকা চৌধুরীসহ ৪৩ জন গুণী নির্মাতার পরিচালনায় অভিনয় করেছেন ১১৯টি একখণ্ডের নাটক ও টেলিফিল্মে, ১৪টি ধারাবাহিকে, ২টি মিউজিক ভিডিওতে, ১টি চলচ্চিত্রে এবং ১৬টি বিজ্ঞাপনচিত্রে।