গানের মাধ্যমে প্রেমের তোলপাড়

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৮:৪১

 তা হ মি না  মি লি

 

হালে দুনিয়াজুড়ে সংগীতপ্রেমীদের মন ছুঁয়েছে কিউবান গায়িকা ক্যামিলা কাবেলো ও কানাডিয়ান গায়ক শন মেন্ডেসের গাওয়া গান ‘সেনোরিটা’। এর মিউজিক ভিডিওটি দেখতে সবাই ইউটিউবে ঢুঁ মারছেন। যেখানে ক্যামিলা কাবেলোর সঙ্গে শন মেন্ডেসের ঘনিষ্ঠ রসায়ন টের পেয়েছেন দর্শক। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহল জেগেছে সবার। তাঁদের গভীর প্রেম নিয়ে গুজব-গুঞ্জনের ডালপালা ছড়াচ্ছে বেশ কিছুদিন ধরে। গত মাসে আগের প্রেমিক ম্যাথু মসির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে শন মেন্ডেসের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে ক্যামিলা কাবোলোর। যা সবার চোখে পড়েছে। রিহের্সাল, রেকর্ডিংসহ বিভিন্ন মিডিয়ায় একসঙ্গে উপস্থিতি নতুন কোনো বিষয় না হলেও তাঁদের কিছু কিছু ব্যাপার সবাইকে বেশ আলোড়িত করেছে। তখন থেকে কথা উঠেছে, শন মেন্ডেসের সঙ্গে প্রেমে জড়িয়েছেন কিউবান মিউজিক সেনসেশন ক্যামিলা কাবেলো। তাঁদের জুটি বেঁধে গান করাটা আজকের নতুন কোনো বিষয় নয়, ব্যাপারটা শুরু হয়েছিল চার বছর আগে। ২০১৫ সালে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’ গানের মাধ্যমে তাঁরা জুটি বেঁধেছিলেন। সেই সময় সে গান ও মিউজিক ভিডিওর মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন তাঁরা। তবে এ নিয়ে তেমন শোরগোল করেননি শন মেন্ডেস কিংবা ক্যামিলা কাবেলো। অনেকটা চুপচাপ ছিলেস্তাঁরা। তবে এবার লাতিন ও ইংরেজির চমত্কার ফিউশনে গাওয়া ‘সেনোরিটা’ গানের মাধ্যমে তাঁরা তাঁদের সম্পর্কের লুকিয়ে রাখা ব্যাপারটিকে সবার সামনে উন্মোচিত করেছেন। জুটি হিসেবে তাঁদের নিয়ে ভাবার অবকাশ ছিল না তেমন কারো। কিন্তু এখন তাঁদের সম্পর্ক নিয়ে ফিসফাস চলছে অবিরাম। কেউ কেউ তাঁদের বিয়ে নিয়েও কল্পনা শুরু করে দিয়েছেন। ‘সেনোরিটা’ গানটি খুব সহজেই দর্শক-শ্রোতাকে আকৃষ্ট ও আলোড়িত করছে। ভালোবাসার আবেগ ও মাদকতায় জড়ানো গানটির প্রতিটি লাইন। দুই শিল্পী গেয়েছেনও হূদয়ের সব আবেগ-অনুরাগ ঢেলে। মিউজিক ভিডিওটিতে ক্যামিলাকে যেমন তাঁর দুর্দান্ত রূপে দেখা গেছে, তেমনি শন মেন্ডেসকেও প্রেমিক পুরুষ হিসেবে অসাধারণ মনে হয়েছে। গানটির বিরাট সাফল্য তাঁদের উদ্দীপ্ত করেছে দারুণভাবে। তবে, তাঁরা যেন অনেকটা ইচ্ছে করেই ঘনিষ্ঠভাবে মিডিয়ার সামনে রোমান্সের ছলাকলা প্রদর্শন করে সাধারণ শ্রোতা-দর্শকের মনে কৌতূহলের আগুন ছড়িয়ে দিচ্ছেন—প্রচারণার স্বার্থেই এমনটি করছেন বলে কেউ কেউ মন্তব্য করছেন। ক্যামিলা জানান, চার বছর ধরে তাঁরা একসঙ্গে গান করতে চাইছিলেন। তবে নানা প্রতিকূলতায় তা সম্ভব হয়নি এতদিন। মিউজিক ভিডিওটি এতটা মনমাতানো হবে, তাঁরা নিজেরাও ভাবতে পারেননি। পরস্পরকে গভীরভাবে চাইলেও ক্যামিলা ও মেন্ডেসের কাছাকাছি আসতে না পারার যন্ত্রণা ফুঠে উঠেছে ‘সেনোরিটা’ মিউজিক ভিডিওটিতে। বাস্তবে তাঁদের প্রেম-ভালোবাসার পরিণতি কোনদিকে গড়াবে তা জানতে এখন অপেক্ষা করছে সবাই।