মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে তিতাস পাড়ের কৃতিসন্তান, ত্রিপুরার গণমানুষের কবি দিলীপ দাসের জন্মদিন পালিত হয়েছে। গত সোমবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে তিতাস আবৃত্তি সংগঠন প্রতিবছরের ন্যায় এবারো নানা আয়োজন করে। কর্মসূচির মাঝে ছিল শিশু-কিশোর সমাবেশ, মঙ্গল আবৃত্তি, কবি দিলীপ দাসের কবিতা থেকে একক ও বৃন্দ আবৃত্তি, আলোচনা ও সংগীতানুষ্ঠান। ছোট ছোট আবৃত্তিশিল্পীর কণ্ঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর মম বিকশিত করো’ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামে ‘আমি হবো’ কবিতার বৃন্দ আবৃত্তির মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। সংগঠনের সমন্বয়ক আবৃত্তিশিল্পী রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক উত্তম কুমার দাস, আবৃত্তিশিল্পী সামিহা তাহসীন অথৈ-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল। বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-আহ্বায়ক এ টি এম ফয়েজুল কবীর, উদীচীর সহ-সভাপতি ফারুক আহমেদ ভূঞা, বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিকর্মী বিশ্বজিত্ পাল বাবু, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সদস্য সচিব হূদয় কামাল, প্রবর্তক আবৃত্তিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নির্জয় হাসান সোহেল প্রমুখ। একক আবৃত্তি করেন মো. মনির হোসেন, বাছির দুলাল, উত্তম কুমার দাস, মাহবুব আলম উজ্জ্বল, আতিকুল ইসলাম সুজন, সালওয়া তাহসীন অধরা, তাসফিয়া ইসলাম প্রমি, এরফানুল হক সুজন, রেজা এ রাব্বী হাদিন, নওরীন আফরোজ, মুনিয়া মাহিন রহমান ও ফারদিয়া আশরাফি নাওমী। সংগঠনের বড় দলের কণ্ঠে কবি দিলীপ দাসের ‘পুঞ্জমেঘ বজ্র হবার আগে’ কবিতার বৃন্দ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি জয়দুল হোসেন বলেন, ‘কবি দিলীপ দাস তাঁর কবিতা ও গদ্যে তিতাস পাড়ের মানুষ, মানুষের জীবন সংগ্রাম, প্রকৃতি ও ঐতিহ্য শিল্পিতভাবে ফুটিয়ে তুলেছেন। বারবার তিনি তাঁর লেখনির মাধ্যমে তিতাস পাড়ের দ্বারা স্মৃতিকাতর হয়েছেন। দুই রাষ্ট্রের মাঝখানে থাকা কাঁটাতার তিনি তাঁর সৃষ্টিশীলতা দিয়ে অতিক্রম করতে সচেষ্ট হয়েছেন। গণমানুষের মুক্তির লড়াইয়ে তিনি তাঁর লেখনির মাধ্যমে সহায়ক আছেন, থেকেছেন। শোষণ মুক্ত, সাম্যবাদী সমাজ ও রাষ্ট্রের স্বপ্নে বিভোর এই কবি নিয়ত সাম্প্রদায়িকতা ও সকল ধর্মের উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন।’
