আক্রমণাত্মক পরিকল্পনায় দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৯:১২

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। দ্বিতীয় টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এমন ম্যাচে আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। এ সময় তিনি বলেন, 'আসলে আমরা সবসময় আক্রমণাত্মক পরিকল্পনায়ই যাব। কন্ডিশনের ওপর অনেক সময় পরিকল্পনায় পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গা, সীমাবদ্ধতা জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা করেই আমরা আমাদের কৌশলের ব্যাপারে চিন্তা করে থাকি।'

কন্ডিশনের ওপর নির্ভর করে দলে পরিবর্তন আসতে পারে জানিয়ে টাইগারদের প্রধান কোচ আরও বলেন, 'দলের মোরাল অনেক উঁচুতে আছে। কারণ অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। কন্ডিশনের ওপর নির্ভর করে, পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। আবহাওয়ায় কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।'  

ইত্তেফাক/জেডএইচ