তিন ক্যামেরার ফোন আনছে অ্যাপল

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২০:২৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

আই ফোনের নতুন মডেল নিয়ে অনলাইনে নানা আলোচনা চলছে। অনেকে সম্ভাব্য নকশাও প্রকাশ করেছেন। তবে স্ল্যাশলিকে প্রকাশিত একটি নতুন ছবি অনেক বেশি নির্ভরযোগ্য ধারণা দিচ্ছে। এটিকে আইফোন ১১-এর লজিক বোর্ড বলে দাবি করা হচ্ছে। আগের আইফোন মডেলের লজিক বোর্ডের সঙ্গে এটির তুলনা করলে কিছু স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে উন্মোচন হতে চলা আইফোনটি বেশ আলাদাই হবে। খবর উবার গিজমো। ছবিতে দেখা যাচ্ছে, অ্যাপল তার ঐতিহ্যবাহী ইংরেজি অক্ষর ‘এল’ আকৃতির লজিক বোর্ড থেকে সরে যাচ্ছে। কয়েক বছর ধরেই এল আকৃতির নকশা ব্যবহার করে আসছে কোম্পানিটি। তবে এবার তারা আগের মতো আয়তাকার নকশায় ফিরে যাচ্ছে বলে মনে হচ্ছে। তাছাড়া নতুন আইফোন প্রস্থেও উল্লেখযোগ্য পরিমাণ সরু বলে মনে হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, তিন ক্যামেরা মডিউলের জায়গা করে দিতেই এমন আকৃতি পাবে আইফোন। তাছাড়া বড়ো ব্যাটারির জন্য জায়গা করতেও সরু আয়তাকার নকশার প্রয়োজন হতে পারে। অ্যাপল বিশ্লেষক ব্লগার মিং শি কু এর আগে দাবি করেছিলেন, ২০১৮ সালের মডেলগুলোর তুলনায় এ বছরের আইফোনের ব্যাটারি ব্যাকআপ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।