ইত্তেফাক রিপোর্ট
বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধ, রাজস্ব আদায় ও দেশীয় শিল্পের সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা। এরই ধারাবাহিকতায় ১০ জুলাই ভোররাতে পুরান ঢাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় এ দপ্তরের দুটি প্রিভেন্টিভ টিম। এ সময় বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য চোরাইপথে খোলা বাজারে বিক্রির অভিযোগে পণ্যবাহী তিনটি যানবাহন আটক করা হয়।
সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম গুলিস্তান এলাকা থেকে ৪ হাজার ২৪০ পাউন্ড একরিলিক ইয়ার্নসহ কাভার্ড ভ্যান আটক করে। উক্ত পণ্য গাজীপুরের মাওনায় অবস্থিত ক্রাউন উলওয়্যার লিমিটেড নামক বন্ডেড প্রতিষ্ঠান থেকে অবৈধ অপসারণপূর্বক বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সহকারী কমিশনার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে অপর একটি টীম ওয়াইজঘাট এলাকা থেকে ফেব্রিকস বোঝাই কভার্ড ভ্যান আটক করে। উক্ত পণ্য কাস্টম হাউস, চট্টগ্রাম থেকে আমদানি করে সরাসরি বিক্রির জন্য ইসলামপুরে পাঠানো হয়েছে। এরপর উভয় টিম ইসলামপুরের গুলশানারা সিটি মার্কেটে অভিযান চালিয়ে পণ্য ডেলিভারিকালে ৫৪০ রোল ফেব্রিকসসহ একটি কাভার্ড ভ্যান আটক করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সানজানা ফেব্রিকস থেকে উক্ত পণ্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। সমুদয় আটক পণ্যের মোট মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। এর বিপরীতে আদায়যোগ্য শুল্ক করাদির পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা। আটক পণ্যের বিপরীতে বিভাগীয় মামলা দায়েরসহ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।
