রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে ছাউনি ভেঙে ১৫ শ্রমিক আহত

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৬

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে ছাউনি ভেঙে পড়ে কর্মরত ১৫ জন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ফিরোজ হোসেনকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিত্সক ডা. কাবেরী বলেন, হাসপাতালে চিকিত্সাধীন শ্রমিকরা হলো: রকিবউদ্দিন, আবু বক্কর, রইচ, হাবিবুর রহমান, মেহেদী, আসিফ, আমির হোসেন, আলাউদ্দিন ও ইসাহক আলী।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে প্রকল্পের ‘বি’ ব্লকে এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ান নিকিনত কোম্পানিতে কর্মরত শ্রমিকরা ঢালাইয়ের কাজ করছিল। বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কায় শ্রমিকরা ঢালাই ছাউনি দিয়ে ঢেকে রাখে। প্রবল বৃষ্টিতে ছাউনিটি ভেঙে পড়লে কর্মরত শ্রমিকরা আহত হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিএসবি) ইন্সপেক্টর মো. পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে কাজ করার সময় ছাউনি ভেঙে আহত শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।