তিন দিন ধরে ওয়াসা মোড়ে পড়ে ছিল কোটি টাকার ল্যান্ড রোভার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:২৮

চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় তিন দিন ধরে পড়ে আছে একটি গাড়ি। তবে সেটি যেনতেন কোনো গাড়ি নয়, নামীদামি ব্র্যান্ডের বিলাসবহুল ল্যান্ড রোভার। তবে এত দামি গাড়ি কে বা কারা এখানে ফেলে রেখে গেছেন তা জানা যায়নি।

স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে খুলশী থানা-পুলিশ।

২ হাজার সিসির গাড়িটি ল্যান্ড রোভার কোম্পানির। এটিতে ঢাকা মেট্রো-ঘ ১১-২৮৮৩ নম্বর প্লেট লাগানো। গাড়ির প্রকৃত মালিককে খুঁজে পায়নি বলে জানায় পুলিশ। তবে এক ব্যক্তি গাড়িটির মালিক বলে দাবি করেছেন। গাড়িটি এত দিন কেন ফেলে রাখা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, আজ স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওয়াসা মোড় এলাকায় যায়। পরে তাঁদের মাধ্যমে জানা যায়, গাড়িটি গত রোববার থেকে সেখানে পড়ে আছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, তিন দিন ধরে গাড়িটি সেখানে পড়ে ছিল। একজন গাড়ির মালিক হিসেবে দাবি করেছেন। কাগজপত্র দিতে বলা হয়েছে। নিশ্চিত না হয়ে গাড়ি কাউকে দেওয়া হবে না।

ইত্তেফাক/আরআর