আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর অবৈধ দখল উচ্ছেদ শুরু

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। বুধবার দুপুরে অভিযান চলাকালে অবৈধ দখলদার জেবারুল খান ও জুয়েল তালুকদারকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল দাস এসআই জসীমউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যা নদীর পয়সারহাট এলাকায় নদীর পূর্বপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ শিকদার প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল দাস জানান, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে মাত্র। নদী অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে। তিনি আরো জানান, শুধু পয়সারহাটই নয়, তার আওতাধীন উপজেলার সকল জায়গার নদী উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।