সেনবাগে যাত্রীবাহী বাস খালে

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৭

৩০ যাত্রী আহত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ উপজেলার রাস্তার মাথা এলাকায় বুধবার সকালে সুগন্ধা পরিবহনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে সোনাপুর থেকে ছেড়ে আসা ফেনী অভিমুখী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। পরে পুলিশের সহযোগিতার স্থানীয়রা ২৫/৩০ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। কিন্তু বাসটি উল্টে পানিতে তলিয়ে থাকায় এর নিচে যাত্রী চাপা পড়ে থাকতে পারে বলে উপস্থিত লোকজনের ধারণা। পরে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ক্রেন (রেকার) এনে বাসটি পানি থেকে উদ্ধার করে। এতে আর কোনো মানুষজনকে পাওয়া যায়নি। খবর পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।