অর্থ আত্মসাতের অভিযোগ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্টিফেন মুর্মু ও অফিস সহকারী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বুধবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উপ-পরিচালক স্টিফেন মুর্মু (৫৮) রাজশাহী কোর্ট এলাকার মোল্লাপাড়া গ্রামের পাওলুস মুর্মুর ছেলে এবং অফিস সহকারী মোস্তাফিজুর রহমান (৫৩) দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকার মৃত আকবর হোসেনের ছেলে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু ও অফিসের দুইজন কর্মচারী যোগসাজস করে প্রতারণা ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসের সাবেক ফিল্ড সুপারভাইজার আবুল কাশেমের লামগ্রান্ডের ৩ লাখ ২৩ হাজার ২৮০ টাকা উত্তোলন করে আত্মসাত্ করেন। এ বিষয়ে দুদক সমন্বিত কার্যালয় দিনাজপুরে দুর্নীতি দমন প্রতিরোধ আইনে তিনজনকে আসামি করে বুধবার মামলা দায়ের হয়। পরে উপ-পরিচালক স্টিফেন মুর্মু ও অফিস সহকারী মোস্তাফিজুর রহমানকে দুপুরে দিনাজপুর শহরে তাদের নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি হাকিমপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী নুরুন নাহারকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃত দুই আসামিকে বিকেলে আদালতে প্রেরণ করে দুদক।
