চাটখিলে সাত প্রাইভেট হাসপাতাল-ক্লিনিককে জরিমানা

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৮

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সদরে গত মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন অপরাধে চাটখিল স্কয়ার হাসপাতালকে ৪৫ হাজার, চাটখিল ইসলামিয়া হাসপাতালকে ৭০ হাজার, চাটখিল ইসলামিয়া ফিজিওথেরাপি সেন্টারকে ৩৫ হাজার, নবজাতক হাসপাতালকে ৭০ হাজার, জনজীবন হাসপাতালকে ৭০ হাজার, শিশু হাসপাতালকে ৮৫ হাজার, ডাঃ জেবুন্নেছা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে চাটখিলের আরো ১৫/২০টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে পালিয়ে যায় এর মালিকরা।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন নোয়াখালী জেলার সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আরাফাত, বিএমএ প্রতিনিধি ডা. দ্বীপন চন্দ্র মজুমদার, ড্রাগ সুপার মাসুদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এবং চাটখিল থানা পুলিশ।