‘বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে ছাড় দেওয়া হবে না’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৫

বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ দখল, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উত্তরার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ঢাকা-১৮ আসনে গত দুই যুগেরও বেশী সময় ধরে আমি বিএনপিকে সুসংগঠিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তারই ফলশ্রুতিতে আমাকে গত উপনির্বাচনে ধানের শীষের প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছে। স্বাভাবিকভাবেই আমার সাথে হাজারো নেতাকর্মী যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করে।

এই নেতা বলেন, দুই তিনটি খবরের কাগজে উত্তরার চাঁদাবাজি, দখলবাজির কাল্পনিক ঘটনা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে। দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমার নাম জড়ানো হয়েছে- যা খুবই দুঃখজনক, অসত্য ও ভিত্তিহীন। আমি এ সব বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট করে বলতে চাই, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশ অমান্য করে কোন অপকর্মে লিপ্ত হয়, তাহলে সেই দায় দল বা আমি নেবো না। আমি দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করবো এবং তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবো।

সব শেষে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ইত্তেফাক/জেডএইচডি