বিশ্বের ১০টি দেশে বাংলাদেশ মিশনের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এখানে ভুল বোঝাবুঝির অবকাশ আছে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এখানে ভুল বোঝাবুঝির অবকাশ আছে বলে আমার মনে হয়। তবে আমি নিশ্চিত করে কিছু বলবো না, যতক্ষণ প্রতিটি কেইস আমি বিস্তারিত দেখবো।
তিনি বলেন, ‘অডিট অবজেকশন’ এবং দুর্নীতি এক জিনিস না। একটি ছোট উদাহরণ দিই। আমি কলকাতা মিশনে দায়িত্ব পালনের সময়ে একটি গাড়ি কেনা হবে। অ্যাডভান্স দেওয়া হয়েছে এজেন্টকে, কিন্তু এজেন্ট বাংলায় মানে হচ্ছে দালাল। আসলে গাড়ির কোম্পানির এজেন্ট ওরা। যেমন নাভানা হচ্ছে টয়োটা গাড়ির এজেন্ট। অভিযোগ এসেছে, গাড়ির দাম ১০ লাখ টাকার মধ্যে দালালকে যে চার লাখ টাকা দেওয়া হয়েছে সেটা আদায়যোগ্য। অবজেকশনটা আমার বিরুদ্ধে। এটা আমি কেন দিলাম, আমার কাছ থেকে নাকি এ টাকা আদায়যোগ্য হবে। মিশন অডিটের ডিজিকে বললাম, আপনি জাপান থেকে একটি টয়োটা গাড়ি এনে দেন নাভানার সাহায্য ছাড়া। এটি করতে পারলে আপনাকে আমি চার লাখ টাকা ফেরত দেবো। আমি বললাম, গাড়ি কিনতে হলে বুকিং দিতে হয়, সেজন্য আগাম কিছু টাকা দিতে হয়। অডিট অবজেকশন অনেক সময় এরকম হয়। সেগুলো দুর্নীতি হিসেবে দেখা হচ্ছে কি-না দেখতে হবে। কারণ অভিযোগের ধরন দেখে মনে হচ্ছে এগুলো অনেক অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন আর দুর্নীতি এক জিনিস না। আমরা বিষয়টি দেখবো।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড ও ফিলিপাইনে নিযুক্ত রাষ্ট্রদূত, চ্যান্সারি প্রধান বা প্রধান কনস্যুলার কর্মকর্তা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। এসব কর্মকর্তার বর্তমান কর্মস্থল, পদবি, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দুদককে সরবরাহ করার অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেছেন রানা ফ্লাওয়ার্স। গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে রানা ফ্লাওয়ার্স তার পরিচয়পত্র দেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিসেফ জানায়, গত ৫ অগাস্ট বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান রানা ফ্লাওয়ার্স। তিনি বাংলাদেশে শিশু স্বাস্থ্য ও পুষ্টি, পানি এবং শিশু অধিকার সুরক্ষাসহ শিশুদের জন্য আবশ্যক সামাজিক সেবার মানোন্নয়নে কাজ করবেন।
রানা ফ্লাওয়ার্স বলেন, এখন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত অসংখ্য শিশু, তরুণ ও তাদের পরিবারগুলোর কথা সব সময় আমার মনে রয়েছে। এছাড়া সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের কথাও আমি মনে রেখেছি।
