স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে চিন্ময় বেপারী (৩৫) নামের এক বখাটের ৬ মাস জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ঐ ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত চিন্ময়। এ ব্যাপারে ছাত্রীর বাবা ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর কাছে একটি লিখিত অভিযোগ দেন। ইউএনও বিষয়টির ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য এসি ল্যান্ডকে নির্দেশ দিলে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশ ঐ এলাকায় অভিযানে যায়। স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় চিন্ময়কে আটক করা হয়। পরে সহকারী কমিশনারের (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান আদালত বসিয়ে চিন্ময়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
চিন্ময় উপজেলার জুলুহার গ্রামের হেনরঞ্জন বেপারীর ছেলে।
