বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে, কুমিল্লা-৬ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা কলকাতায় আত্মগোপন করেছেন। বর্তমানে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। খবর ওপি ইন্ডিয়ার।
ওপি ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ১০ দিন আগে সীমান্ত পার করে তারা কলকাতায় পৌঁছেছেন এবং প্রতি দিন ১০ হাজার রুপি ব্যয় করতে হচ্ছে তাদের। সংবাদ মাধ্যমটির দাবি, তারা ভারত থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয় নেয়ার পরিকল্পনা করতে পারেন।
শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর কুমিল্লার মনোহরপুর মুনসেফবাড়ি এলাকায় বাহারের বাড়ি ভাঙচুর হয়। এরপর, আওয়ামী লীগ নেতা-কর্মীদের উত্তেজনার মুখে বাহাউদ্দিন ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা বাংলাদেশ ত্যাগ করেন।
জানা গেছে, ২৯ আগস্ট রাতে তাহসিন বাহার সূচনা কুমিল্লার বুড়িচং উপজেলা চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকায় দুই দিন অবস্থান করে ৩১ আগস্ট কলকাতায় পৌঁছান। অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তাদের সহায়তা করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী।
