কাশ্মীরে সেনাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক আল-কায়েদার

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৩০

ভিডিও বার্তায় হুমকি জওয়াহিরির

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে তারা ‘জিহাদ’-এর ডাক দিয়েছে। তাতে ভারতীয় সেনা এবং উপত্যকার সরকারের উপর জঙ্গিদের আপসহীন আঘাত হানার নির্দেশ দিয়েছে আল-কায়েদা প্রধান আয়মান আল-জওয়াহিরি।

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর কাশ্মীর নিয়ে সম্প্রতি কড়া অবস্থান নিয়েছে মোদি সরকার। সন্ত্রাসের সঙ্গে কোনো রকম আপস করা হবে না বলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের বাড়ি বাড়ি গিয়ে দফায় দফায় ব্যাপক ধরপাকড় চালানো হয়। তদন্ত শুরু হয়েছে তাদের আয়-ব্যয়ের হিসাব নিয়েও। এমন পরিস্থিতিতে উপত্যকার জঙ্গিরা যাতে মনোবল না হারায়, তার জন্যই জওয়াহিরি এই বার্তা দিয়েছে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার। খবর আনন্দবাজার পত্রিকার।

২০১২ সালে ওসামা বিন লাদেন প্রতিষ্ঠিত আল-কায়দার প্রতি আনুগত্য প্রকাশ করে পূর্ব আফ্রিকার সন্ত্রাসী সংগঠন হরকত আল-শাবাব আল মুজাহিদিন। সম্প্রতি তারাই জওয়াহিরির ঐ ভিডিও সামনে এনেছে। সেটির সত্যতা যাচাই করে দেখেছে ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা এবং বিদেশ নীতি সংক্রান্ত সংগঠন ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্র্যাসিস’। নিজেদের লং ওয়ার জার্নাল ওয়েবসাইটে জওয়াহিরির বার্তা সবিস্তারে প্রকাশ করেছে তারা।

সাদা পোশাক পরে, ডান দিকে আগ্নেয়াস্ত্র এবং বাঁ দিকে কোরান নিয়ে ‘ডোন্ট ফরগেট কাশ্মীর’ নামের ভিডিওটিতে কথা বলতে শুরু করে জওয়াহিরি। সেখানে তিনি বলেন, ‘আমার মতে, এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আপসহীন আঘাতকেই প্রাধান্য দেওয়া উচিত কাশ্মীরের মুজাহিদদের। ভেঙে গুঁড়িয়ে দিতে হবে অর্থ ব্যবস্থাকে, যাতে লোকবল এবং সরঞ্জাম, সব ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়ে ভারত।’ জওয়াহিরি আরো বলেন, ‘কাশ্মীরের লড়াই কোনো আলাদা লড়াই নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জিহাদ।