ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গাজা যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিলে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, আন্দোলনকারী অন্তত ২০ শিক্ষার্থী কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের প্রবেশপথ বন্ধ করে দেয়। পরে তাদের মধ্য থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করেনি। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে গ্রেটা থুনবার্গ রয়েছেন। বিক্ষোভে অংশ নিয়ে ইহুদিবাদী সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সম্পর্ক ছিন্ন ও বয়কটের ডাক দেওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম একস্ট্রা ব্লাডেটে প্রকাশিত ছবিতে দেখা যায়, ২১ বছর বয়সী পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ফিলিস্তিনিদের ঐহিত্যবাহী কালো ও সাদা রঙের কেফিয়াহ রুমাল কাঁধে জড়িয়ে আছেন। আর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া গ্রেটার এক পোস্টে দেখা যায়, কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে ‘দখলদারিত্বের বিরুদ্ধে শিক্ষার্থীরা’ শিরোনামে বিক্ষোভে অংশ নিয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
বিক্ষোভের সময় ইহুদিবাদী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সম্পর্ক ছিন্নের দাবিতে একদল শিক্ষার্থী বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এ সময় ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশের সদস্যরা গ্রেটা থুনবার্গসহ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যান।

