তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি বাতিল চায় চীন

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৩১

এএফপি

 

স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানের কাছে প্রায় ২.২ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি ‘দ্রুত বাতিল’ করতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানিয়েছে চীন। এসব অস্ত্রের মধ্যে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। ওয়াশিংটনের অস্ত্র বিক্রির এমন ঘোষণায় বিশ্বের ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরো বেড়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বেইজিং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির এমন পদক্ষেপের ‘কঠোর নিন্দা’ জানিয়েছে। কেননা, চীন তাইওয়ানকে এখনো তাদের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে থাকে।

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে চীনের আপত্তির পর যুক্তরাষ্ট্র এর আগে বলেছিল, এসব অস্ত্র এশিয়ার ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখতে অবদান রাখবে। গণতান্ত্রিকভাবে পরিচালিত এ দ্বীপ রাষ্ট্রে বিগত কয়েক দশকের মধ্যে এটি হবে যুক্তরাষ্ট্রের প্রথম অস্ত্র সরবরাহ। একে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কে ইতিমধ্যে টানাপোড়েন আরো তীব্র হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানায়, সম্ভাব্য অস্ত্র বিক্রির এ চুক্তির ব্যাপারে এরই মধ্যে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। এতে ১০৮টি এম১এ২টি আব্রামস ট্যাঙ্ক, ২৫০টি স্টিংগার ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিক্রির কথা বলা হয়েছে।