রয়টার্স
ইরানে বিপ্লবী রক্ষী বাহিনীর তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পিরানশহরে এ ঘটনা ঘটে। আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে বিপ্লবী রক্ষী বাহিনী বলেছে, “পিরানশহরের প্রবেশ মুখে সন্ত্রাসীরা তাদের বহনকারী গাড়িতে গুলিবর্ষণ করলে তিন রক্ষী নিহত হয়।” বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ওই এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে ইরানি কুর্দি বিদ্রোহী বাহিনীগুলোর প্রায়ই সংঘাত হয়ে থাকে। ওই বিদ্রোহীরা প্রতিবেশী ইরাকে ঘাঁটি গেড়ে সীমান্ত পার হয়ে প্রায়ই ইরানি নিরাপত্তা বাহিনীগুলোর ওপর হামলা চালায়। এদের মধ্যে তেহরান-বিরোধী বামপন্থি কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ফ্রি লাইফ অব কুর্দিস্তানের (পিজেএকে) সঙ্গে তুরস্কের কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে’র সম্পর্ক আছে বলে অভিযোগ ইরানের।
