তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজুরুম শহরে ভারতের ভিস্তারা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান শুক্রবার (৬ সেপ্টেম্বর) জরুরি অবতরণ করেছে। বিমানে বোমা আছে- অজ্ঞাত এক ফোনকলের এমন বার্তার পরেই ২৪৭ যাত্রী বহনকারী বিমানটি জরুরি অবতরণ করে। তুরস্কের রাষ্ট্রীয় এক সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ দ্রুত বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেয় এবং বিস্ফোরকের খোঁজে তল্লাশি চালায়। বিমানটি ভারতের মুম্বাই থেকে জার্মানি ফ্রাঙ্কফুটের উদ্দেশে যাচ্ছিল।
সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে ভিস্তারা এয়ারলাইন্স এক পোস্টে জানায়, মুম্বাই থেকে ফ্রাঙ্কফুটগামী ফ্লাইট ইউকে২৭ নিরাপত্তাজনিত কারণে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করেছে।
ভিস্তারার মুখপাত্র বলেছেন, তুরস্কের স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে বিমানটি এরজুরুমে অবতরণ করে।
এরজুরুমের গভর্নর মুস্তফা বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, সাড়ে ১১টার মধ্যে আমরা সকল তল্লাশি ও পরীক্ষা সম্পন্ন করেছি এবং ফলাফলে বুঝেছি এই বোমার হুমকি ছিল ভিত্তিহীন।
এক্সে ভিস্তারার পক্ষ থেকে আরও বলা হয়, নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী, ক্রু এবং বিমান পরীক্ষা করেছে এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। সেইসঙ্গে যাত্রীদের ফ্রাঙ্কফুটে পাঠানোর জন্য আলাদা বিমান পাঠানো হয়েছে।
