স্পোর্টস রিপোর্টার
কর্ণাটকে মিনি রঞ্জি ট্রফি খেলতে গিয়ে দারুণ শুরু পেয়েছে বিসিবি একাদশ। অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বিসিবি একাদশ। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি করেছেন মুমিনুল।
প্রথম চার দিনের ম্যাচে গতকাল প্রথম দিনে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ৯০ ওভার ব্যাট করে ২ উইকেটে ৩০৩ রান তুলে দিনের খেলা শেষ করেছে বিসিবি একাদশ। মুমিনুল ১৫৭ ও নাজমুল হোসেন শান্ত ২৪ রানে অপরাজিত আছেন।
টসে হেরে ব্যাট করতে নামা বিসিবি একাদশ ৪৬ রানে ওপেনার সাইফ হাসানের উইকেট হারায়। তিনি ১৯ রান করেন। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন অভিজ্ঞ জহুরুল ইসলাম অমি ও মুমিনুল হক। তারা ১৭৭ রানের জুটি গড়েন। ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন জহুরুল। নার্ভাস নাইনটিজের খড়গে পড়েন তিনি। দিনের তৃতীয় সেশনে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়া জহুরুল ফিরেন দলীয় ২২৩ রানে। তিনি ৯৬ রান করেন। জহুরুল মিস করলেও মুমিনুল ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ২১৭ বল খেলে ২০টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ১৫৭ রান করেন মুমিনুল।
২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান দিনের সময়টা নাজমুল হোসেন শান্তকে নিয়ে কাটিয়ে দিয়েছেন। ৮০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা। আজ ম্যাচের দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরির হাতছানি রয়েছে মুমিনুলের সামনে। ৪৩ রান দূরে আছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংসটি ২৫৮ রানের। মুমিনুল-শান্তরা টিকে থাকতে পারলে প্রথম ইনিংসে বিসিবি একাদশের স্কোরটা আরও বড়ো হতে পারে। মুমিনুলরাও নিশ্চিতভাবে চাইবেন প্রথম ইনিংসে বড়ো স্কোর গড়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে দর্শন নালকান্দে একটি করে উইকেট নেন।
কর্ণাটক এসোসিয়েশনের আয়োজনে চার গ্রুপে ভাগ হয়ে ১৬টি দল অংশ নিচ্ছে এই চার দিনের ম্যাচের টুর্নামেন্টে। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। পরে সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ৩ আগস্ট শুরু হবে ফাইনাল।
