২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে ছিলেন রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি এই স্পিনার এবার নিউজিল্যান্ডের কোচ হিসেবে চুক্তি করেছেন। তবে কিউইদের সঙ্গে তার চুক্তির মেয়াদ বেশি সময়ের জন্য নয়। মাত্র তিন টেস্ট ম্যাচকে সামনে রেখে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।
আগামী দুই মাসে এশিয়ায় ৬টি টেস্ট খেলবে কিউইরা। যেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি ও শ্রীলঙ্কায় বিপক্ষে দুটি টেস্ট খেলবে দলটি। এই তিনটি ম্যাচের জন্য জাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রদের দায়িত্ব নিয়েছেন হেরাথ। তার পাশাপাশি ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোর নিয়োগ পাচ্ছেন মাত্র এক টেস্টের জন্য।
হেরাথ ও রাঠোরকে নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, 'ক্রিকেট বিশ্বে দুই জনকেই উচ্চ সম্মানের চোখে দেখা হয় এবং আমি জানি আমাদের খেলোয়াড়রা তাদের কাছ থেকে প্রকৃতপক্ষে শেখার অপেক্ষায় রয়েছেন।'
নিউজিল্যান্ড যে ৬টি টেস্ট ম্যাচ খেলতে চলেছে এর মধ্যে আফগানদের বিপক্ষের ম্যাচটি বাদে বাকি ৫টিই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই মুহূর্তে কিউইরা পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে। সমান ম্যাচে সমান জয় পেয়েও পয়েন্ট কর্তনের কারণে বাংলাদেশ রয়েছে ৪ নম্বরে। টেবিলের শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয়তে অস্ট্রেলিয়া। তাতে টেবিলে ভালোভাবে টিকে থাকার জন্য এই চারটি দলই এখন সামনের ম্যাচগুলো নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে।
