যে কারণে ব্যর্থ সৌম্য

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৪৪

জান-ই-আলম

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগজুড়ে রান খরায় ছিলেন সৌম্য সরকার। লিগের শেষ প্রান্তে এসে তিনি দ্বারস্থ হন আবাহনীতে তার সতীর্থ ওয়াসিম জাফরের। মিরপুর স্টেডিয়ামের ইনডোরের নেটে ভারতীয় এই অভিজ্ঞ ব্যাটসম্যানের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলন করেছিলেন সৌম্য। তারপরই এই বাঁহাতির ব্যাটে ধরা দেয় রানের জোয়ার। বিকেএসপিতে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিতে প্রিমিয়ার লিগ শেষ করেছিলেন সৌম্য।

ঈর্ষণীয় ফর্ম নিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিলেন তিনি। সেখানেও টানা তিন হাফ সেঞ্চুরিতে মুগ্ধতা ছড়িয়েছিলেন ২৬ বছরবয়সি এই ওপেনার। কিন্তু বিশ্বকাপে আবারও বিবর্ণ হয়ে পড়ে সৌম্যর ব্যাট। কয়েকটি ইনিংসে ভালো শুরু পেলেও তা ধরে রাখতে পারেননি। ২২ গজে টিকে থাকতে পারেননি লম্বা সময়। বিশ্বকাপে আট ম্যাচে ১৬৬ রান করেছেন তিনি।

বিশ্বকাপ শেষে সবার মুখে মুখে ফিরছে একই প্রশ্ন, হুট করে কি সমস্যায় ছন্দ হারিয়ে ফেলল সৌম্যর ব্যাট? 

বিশ্বকাপ শেষ, দেশে ফিরে বিশ্রামে রয়েছেন সৌম্য। আর ওয়াসিম জাফর এখন বিসিবির ব্যাটিং কোচ। বয়সভিত্তিক দলের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করছেন তিনি। গতকাল সাবেক এই ভারতীয় ক্রিকেটার জানালেন, বিশ্বকাপে সৌম্যর ব্যাটিং তিনি দেখেছেন এবং হতাশ হয়েছেন। তার মতে, বাংলাদেশের এই তরুণ অনুসরণ করেননি তার পরামর্শ। ব্যাট হাতে সৌম্য ফিরে গেছেন পুরোনো রূপে। তবে গতকাল ওয়াসিম জাফর বলেছেন, দেখা হওয়া মাত্রই সৌম্যর সঙ্গে কথা বলবেন তিনি।

রঞ্জি ট্রফির ইতিহাসের সেরা ব্যাটসম্যান ধরা হয় ওয়াসিম জাফরকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭টি সেঞ্চুরি মালিক এই সাবেক ভারতীয় ওপেনার বিশ্বকাপে সৌম্যর ব্যাটিং ব্যর্থতা নিয়ে গতকাল বলেছেন, ‘হ্যাঁ, আমি দেখেছি তার ব্যাটিং। আমি কিছুটা হতাশ। কারণ আমি আগে তাকে যা বলেছিলাম, সে তা অনুসরণ করেনি। সে আবার নিজের পুরোনো খেলায় ফিরে গিয়েছে। এটা কিছুটা অবাক করা ছিল। কারণ আমি তাকে এখানে দেখেছিলাম, আমি যেভাবে বলেছিলাম, সে ওইভাবে খেলছিল। কিন্তু হঠাত্ করে সে নিজের পুরোনো রূপে ফিরে গেছে। আমি তার সাথে কথা বলার সুযোগ পাইনি। তাই যখন আমি তাকে দেখব, অবশ্যই তার সঙ্গে কথা বলব।’

বিশ্বকাপে সৌম্যর বড় ইনিংস খেলতে না পারার মাঝে শুধু টেকনিক্যাল নয়, মানসিক সমস্যাও রয়েছে বলে মনে করেন ওয়াসিম জাফর। গতকাল বিসিবি একাডেমি মাঠে তিনি বলেছেন, ‘কিছু টেকনিক্যাল বিষয় আছে। এবং অবশ্যই মানসিক বিষয়ও আছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি প্রতিবার টেকনিক্যাল বিষয়ের কথা বলতে পারবেন না, এটা টেকনিক্যালের চেয়ে মানসিক দিকটাই বেশি। যখনই আমি তার সাথে বা অন্য খেলোয়াড়ের সাথে কাজের সুযোগ পাবো, আমি কি চিন্তা করি তা শেয়ার করব।’

তবে সৌম্যর সহজাত ব্যাটিংয়ের ধরন তথা শটস খেলার প্রবণতায় কোনো পরিবর্তন চান না ওয়াসিম জাফর। গতকাল তিনি বলেছেন, ‘সে সহজাতভাবে আক্রমণাত্মক খেলোয়াড়। আপনার উচিত তাকে উত্সাহ দেয়া। কারণ এটাই তার খেলা। দ্রুত রান করে এমন খেলোয়াড়কে আপনার নিরুত্সাহিত করা ঠিক হবে না। কারণ তার শুধু জানতে হবে ছন্দ ধরে রাখা এবং কখন তার নির্দিষ্ট শটসগুলো খেলতে হবে।’

তবে শটস খেলা এবং কখন নিজেকে সামাল দিতে হবে, তা নিয়ে কাজ করতে হবে সৌম্যকে।  ব্যাটিংয়ের সময় হেড পজিশনের ব্যবহারের কথাও উল্লেখ করেছেন ওয়াসিম জাফর। সৌম্যর সবকিছুই সঠিক অবস্থানে চলে আসবে বলে আত্মবিশ্বাসী তিনি। কারণ এই তরুণের প্রতিভায় বিন্দুমাত্র সন্দেহ নেই ওয়াসিম জাফরের।