স্পোর্টস ডেস্ক
চব্বিশতম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার আরেকটু কাছে পৌঁছে গেছেন সেরেনা। গত মঙ্গলবার স্বদেশি অ্যালিসন রিস্কেকে শেষ আটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেছেন তিনি। দিনের অন্য ম্যাচে সিমোনা হালেপ চীনা প্রতিপক্ষ শুয়াই ঝ্যাংয়ের বিপক্ষে সরাসরি সেটে জয় নিয়ে শেষ চারে উঠে এসেছেন।
মঙ্গলবার সেন্টার কোর্টের দ্বিতীয় ম্যাচটিতে শুরুর সেটে ৬-৪ ব্যবধানের কষ্টার্জিত এক জয় পান সেরেনা। এর পরের সেটে একই ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান রিস্কে। কিন্তু শেষ সেটে সেরেনা ৬-৩ গেমের জয় পেয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটান। একই কোর্টে শুরুর ম্যাচে চেক খেলোয়াড় বারবরা স্ট্রাইকোভা ইংলিশ প্রতিপক্ষ জোহানা কন্তার বিপক্ষে ৭-৬, ৬-১ গেমের সহজ এক জয় নিয়ে সেমিফাইনালে উঠে যান। আজ বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে সেরেনার মুখোমুখি হবেন স্ট্রাইকোভা।
আজকের সেমিফাইনালের আগে সেরেনার পক্ষে কথা বলছে ইতিহাস। চেক খেলোয়াড় স্ট্রাইকোভার বিপক্ষে শেষ তিন ম্যাচেই জয় নিয়ে কোর্ট ছেড়েছিলেন সেরেনা। তবে সাম্প্রতিক সময়ে চোটের কারণে সে অদম্য ছন্দে কিছুটা ভাটা পড়েছে। তবে সেরেনা জানান, আগের মতো চাপও আর অনুভব করছেন না তিনি।
সেরেনার ভাষায়, ‘বয়সের সঙ্গে সঙ্গে অবশ্যই আমার ওপর চাপ বাড়ছে। কিন্তু সে বয়সটা পেরিয়ে এসেছি আমি। এখন কিছুটা কম চাপ অনুভব হচ্ছে। আমি বেশ সিরিয়াস। অবশ্যই আমার ওপর চাপ আছে, কিন্তু সেটা যখন ছোট ছিলাম কিংবা সে বয়সটা পার করে আসার পরের সময়ে যেমন ছিলো তেমনটা নয়।’
প্রায় বিশ বছরের ক্যারিয়ারে জেতেননি এমন কোনো শিরোপাই নেই সেরেনার। এই ব্যাপারটাই চাপমুক্ত হতে সাহায্য করছে বলে মত তার। সেরেনা বলেন, ‘এখন ব্যাপারটা এমন যে, সম্ভাব্য সবই করেছি আমি, আমার ক্যারিয়ারটা দারুণ। আর তাই এখন আর তেমন চাপ অনুভব করি না আমি।’
নারী এককের অন্য দুই কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার সিমোনা হালেপ আর এলিনা সভিতোলিনা সহজ জয়ই পেয়েছেন। চীনা প্রতিপক্ষ শুয়াই ঝ্যাংয়ের বিপক্ষে ৭-৬, ৬-১ গেমে জয় পান হালেপ। আর চেক খেলোয়াড় কেরোলিনা মুচোভার বিপক্ষে সভিতোলিনা জিতেছেন ৭-৬, ৬-৪ গেমে। নারী র্যাঙ্কিংয়ের সপ্তম ও অষ্টম অবস্থানে থাকা হালেপ ও সভিতোলিনা আজ বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবেন।
